গাজীপুরের নেসলে ফুড কারখানার ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার (১১ মার্চ) কারখানার সুপারভাইজার জালাল উদ্দিন (৫১) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলাটি করেন।
জালাল উদ্দিন গাজীপুর সদর উপজেলার ধলীপাড়া গ্রামের মৃত হাসেন আলী সিকদারের ছেলে।
এজাহারে বাদী উল্লেখ করেন, জয়দেবপুর থানার পূর্ব নয়নপুরে অবস্থিত নেসলে বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনিয়মিত শ্রমিক সরবরাহ ও ঝুট ব্যবসাকে কেন্দ্র শত্রুতা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন আসামিরা। মঙ্গলবার (১০ মার্চ) ভোর সোয়া ৬টার দিকে যুবদল নেতা শ্রীপুর থানার নোয়াগাঁও (বড়চালা) গ্রামের নজরুল ইসলাম (৫০) ও তার ছোট ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে (৪৪) আসামিরা দা, চাপাতি, ছোরা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় প্রবেশের চেষ্টা করেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, কারখানার সুপারভাইজার জালাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, নজরুল ইসলাম বাদী হয়ে আরও একটি অভিযোগ করেছেন। এটিও মামলা হিসেবে গ্রহণ করা হবে।
মো. আমিনুল ইসলাম/এসআর/জেআইএম