দেশজুড়ে

উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার

অসুস্থ হয়ে ঢাকা নয়, নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা নিলেন নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য এনামুল হক। চিকিৎসা নেওয়ার পাশাপাশি তিনি সেখানে ভর্তি রোগীদের জন্য সরবরাহ করা খাবারও খান। এ ঘটনার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ওই এমপি।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এমপি এনামুল হক ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে উপস্থিত হন। সেসময় তিনি গ্যাস্ট্রিক ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলে তিনি সেটি মেনে নেন। দুপুর পর্যন্ত সেখানে অবস্থান করে চিকিৎসা নেন।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিষ কুমার সরকার বলেন, ‌‘চিকিৎসা চলাকালে এমপি হাসপাতালের পরিবেশ ও সেবার খোঁজ-খবর নেন। একই সঙ্গে তিনি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন। জনপ্রতিনিধিরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে সাধারণ মানুষের মধ্যে এসব প্রতিষ্ঠানের প্রতি আস্থা বাড়বে।’

এ বিষয়ে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক বলেন, ইচ্ছা করলে নওগাঁ বা জয়পুরহাটের বড় কোনো হাসপাতাল কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারতাম। তবে আমি মনে করি এলাকার সাধারণ মানুষ যেখানে চিকিৎসা নেন, সেখানে চিকিৎসা নেওয়াই সঠিক সিদ্ধান্ত। সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

অনেকেই বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাসলিমা পারভীন নামে একজন ফেসবুক আইডিতে এনামুল হকের হাসপাতালের খাবার খাওয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইনি ইঞ্জিনিয়ার এনামুল হক। নওগাঁ-২ আসনের নির্বাচিত এমপি। হঠাৎ শারীরিক অসুস্থতায় তিনি দেশের নামকরা হাসপাতাল কিংবা বেসরকারি নামি-দামি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ছুটে যাননি। থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। ভরসা করেছেন সেখানকার চিকিৎসা ব্যবস্থার ওপর। সাধারণ রোগীদের বেডে থেকেছেন। খেয়েছেন রোগীদের জন্য সরবরাহ করা সাধারণ খাবার। বিষয়টা অসাধারণ।’

তাসলিমা আরও লিখেছেন, ‘দেশের মন্ত্রী-এমপিরা অসুস্থ হলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেবেন। তাদের ছেলেমেয়েরা স্থানীয় সরকারি স্কুল-কলেজে পড়াশোনা করবে। দেশের আর ১০ জন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন—এমন চিত্র আমরা সারা দেশে দেখতে চাই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসন থেকে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হন এনামুল হক। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানকে পরাজিত করেন।

আরমান হোসেন রুমন/এসআর/জেআইএম