দেশজুড়ে

অপহরণ মামলায় ছেলে গ্রেফতার হওয়ায় পদ ছাড়লেন বিএনপি নেতা

সিলেটে প্রাণ-আরএফলকর্মীসহ দুই ব্যক্তিকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনায় ছেলে আটক হওয়ায় স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সিলেট মহানগর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুমান আহমদ।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ইমদাদ আহমদ চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) তিনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী বরাবর অব্যাহতির আবেদনপত্র জমা দেন।

তিনি বলেন, ছেলের অপকর্মের বিষয়টি জানাজানির পর আমরা তাকে স্বেচ্ছায় অব্যাহতি দিতে বলেছি। তিনি অব্যাহতিপত্র দিয়েছেন, আমরা সেটা গ্রহণ করেছি। এখন দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হবে।

এর আগে গত রোববার (৮ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে নগরীরর জিন্দাবাজার তাতীপাড়া এলাকায় প্রাণ-আরএফএলের এক কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। এসময় তার কাছ থেকে নগদ টাকাও ছিনিয়ে নেয় অপহরণকারীরা। পরে খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ১০ যুবককে আটক করে পুলিশ।

এসময় একই কায়দায় অপহরণের পর মুক্তিপণ আদায়ের সময় আরও এক প্রবাসীকেও উদ্ধার করে পুলিশ। পরদিন সোমবার অভিযুক্তদের আদালতে প্রেরণ করে পুলিশ।

অপহরণের ঘটনায় আটক ১০ যুবকের মধ্যে ফারদিন আহমদ সিলেট মহানগর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুমান আহমদের ছেলে।

এদিকে, এ ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় সিলেট মহানগর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুমান আহমদ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।

অব্যাহতির চিঠিতে রুমান আহমদ উল্লেখ করেন, তিনি মনেপ্রাণে বিএনপির আদর্শ ও নিয়ম-কানুন মেনে চলেন। গত ৭ মার্চ ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ছেলেকে পুলিশ আটক করে। যদিও তার দাবি, তার সন্তান সম্পূর্ণ নির্দোষ।

চিঠিতে তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল কর্মী হিসেবে তার ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক, তা তিনি চান না। এ কারণেই তিনি ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রুমান আহমদ আরও উল্লেখ করেন, আইনি প্রক্রিয়ায় যদি তার সন্তান নির্দোষ প্রমাণিত হয়, তবে ভবিষ্যতে দল যেন তাকে পুনরায় দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করে।

আহমেদ জামিল/এনএইচআর/এএসএম