দেশজুড়ে

সেহরিতে গলায় খাবার আটকে কৃষকের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় সেহরিতে খাওয়ার সময় গলায় খাবার আটকে কোবাদ হোসেন কাবুল (৫৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শেখ তসির উদ্দিনের ছেলে। গ্রামের জিল্লুর রহমান নামের এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো কোবাদ হোসেন রোজা রাখার উদ্দেশ্যে ভোর সাড়ে ৪টার দিকে সেহরিতে ভাত খাচ্ছিলেন। একপর্যায়ে খাদ্যনালিতে খাবার আটকে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বাদ জোহর লাহুড়িয়ার তৈলক্ষণপাড়া গোরস্তান মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, শুনেছি মৃত ব্যক্তি শ্বাসকষ্টের রোগে ভুগছিলেন। ঘটনাটি খুবই বেদনাদায়ক।

হাফিজুল নিলু/এসআর/এএসএম