আইন-আদালত

ঢাকায় পথচারীকে মারধরের অভিযোগে মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

রাজধানীর গুলশানে এক বৃদ্ধ পথচারীকে প্রকাশ্যে মারধর ও অপমান করার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে মামলাটি করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম।

বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন সাজ্জাদ আল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার (১‌০ মার্চ) বিকেল ৪টার দিকে গুলশান-২ এলাকায় রয়েল ব্লু ভবনের বিপরীত পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন এক বৃদ্ধ ব্যক্তি। এ সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে ওই বৃদ্ধের ব্যাগের একটি অংশ মনিকার শরীরে লাগে।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়েছে/ফাইল ছবি

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মনিকা কবির ওই বৃদ্ধের ওপর চড়াও হন বলে অভিযোগ করা হয়েছে। তিনি বৃদ্ধের ব্যাগ ছুড়ে ফেলে দেন এবং তাকে মারধর করেন। ঘটনার সময় ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগী ব্যক্তি জনসমক্ষে অপমানিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বাদী আদালতের কাছে আসামিকে হাজির করার জন্য সমন অথবা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত শেষে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এমডিএএ/এমএমকে