ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ইসলামিক রেজিসট্যান্স ইন ইরাক দাবি করেছে যে তারা ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী সামরিক প্লেন ভূপাতিত করেছে।
গোষ্ঠীটি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে র্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী প্লেন লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে সেটি বিধ্বস্ত হয়।
তবে এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রেরসেন্টকম। সংস্থাটি বৃহস্পতিবার জানায়, বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এ ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা বন্ধুত্বপূর্ণ গুলিবর্ষণের কারণে ঘটেনি।
এর আগে এক সংক্ষিপ্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, একটি মার্কিন বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার প্লেন পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।
বিবৃতিতে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী প্লেন হারানোর বিষয়ে অবগত। অপারেশন এপিক ফিউরির সময় বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় এই ঘটনা ঘটেছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা
এমএসএম