সিরাজগঞ্জের রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা দেওয়ায় মুক্তার হোসেন নামের এক শ্রমিক দল নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। মুক্তার হোসেন ওই উপজেলার ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাত ১১টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সইকরা একটি পত্রে এ তথ্য জানান।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জেলা বিএনপি নেতার ইফতার বিতরণ কার্যক্রমে বাধা দেওয়ায় আপনার সব দলীয় পদে স্থগিতাদেশ প্রদান করা হলো। সেই সঙ্গে দলীয় পরিচয় প্রদান ও দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নির্দেশে ওই শ্রমিক দল সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।
এর আগে বুধবার (১১ মার্চ) জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু তার ব্যক্তিগত উদ্যোগে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাজার এলাকায় ইফতার বিতরণের আয়োজন করেন। এতে তার কর্মী সমর্থকরা অংশ নিয়ে সড়কে চলাচল পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিদের হাতে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন। কিন্তু এতে শ্রমিকদলের নেতা মুক্তার হোসেন বাধা দেয়। পরে পাপ্পু বিষয়টি জেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে অবহিত করেন।
এম এ মালেক/আরএইচ/জেআইএম