জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ও হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অগ্নিসংযোগের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ঘটিয়েছে।
জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাস্সির এ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর বাড়িতে আগুন দিয়েছে ‘আওয়ামী জঙ্গিরা’।
মো. সাইফুল্লাহ জাগো নিউজকে বলেন, রাত ৩টার পর আগুন দিয়েছে। একটা ঘর পুরোপুরি পুড়ে গেছে। এছাড়া ঘরের যে টিন ছিল, তাও কুপিয়ে নষ্ট করে ফেলা হয়েছে।
এর আগে, গত ১০ মার্চ এক ফেসবুক পোস্টে সাইফুল্লাহ কিছু মেসেজের স্ক্রিনশট সংযুক্ত করে একটি পোস্ট দেন। ওই স্ক্রিনশটগুলোতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, অসংখ্য দেশি বিদেশি নাম্বার থেকে তাকে এবং তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও লেখেন, পরিবারের সদস্যদের নিয়ে শঙ্কায় আছি।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় বিক্ষোভ মিছিল করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদাস্সির বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। সেহরির পরবর্তী সময়ে সহযোদ্ধা সাইফুল্লাহর বাড়িতে তার পরিবার ও সন্তানদের হত্যার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতারা নির্বাচনে লীগের ভোট পাওয়ার আশায় আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের ৯ দফার ঘোষক আব্দুল কাদের বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। আওয়ামী লীগ বলেন, খুনি লীগ বলেন, তারা কেউই ন্যায়ের সঙ্গে সমঝোতা বোঝে না। ন্যায় তাদের সঙ্গে যায় না। আমরা যখন ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম, কিন্তু তারা সেটাকে দুর্বলতা ভেবে নিয়েছিল। সেই দুর্বলতা তারা কাজে লাগিয়ে আজকে সাইফুল্লাহর বাড়িতে হামলা করছে। আগামীকাল আপনার-আমার বাড়িতে হামলা করবে।
তিনি আরও বলেন, আজকে যে লীগ-তারা সহানুভূতি পাওয়ার যোগ্য না। আমরা দেখেছি ৫ আগস্ট পরবর্তী যে সরকার, প্রশাসন, তারা কখনোই তাদের মূল কাজটা করেনি। মূল কাজে তারা ফোকাস দেয়নি। যার কারণে আজকে লীগের লোকজন মাথাচাড়া দিয়ে উঠেছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাইফুল্লাহর বাড়িতে যে হামলা হয়েছে, সারা দেশব্যাপী লীগের যে আস্ফালন বেড়ে গেছে, সেই আস্ফালন থামাতে হবে। অবশ্যই ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত লীগকে বিচারের আওতায় আনতে হবে।
হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের ভিপি সাদিক হোসেন বলেন, রাষ্ট্রের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা নিরাপত্তা চাই। জুলাই যোদ্ধাদের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন তাদেরকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। যদি নিরাপত্তা না দিতে পারেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা না দিতে পারেন আপনারা দায়িত্ব থেকে অব্যাহতি নিন।
এফএআর/এসএনআর