বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্যেই তিনি সরকার গঠন করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম নগরীর ষোলশহরে এলজিইডি ভবনের কনফারেন্স রুমে চট্টগ্রামস্থ হাতিয়া ছাত্র-যুব পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, ইতিমধ্যে নির্বাচনি ওয়াদা মোতাবেক ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু হয়েছে। বিএনপি সরকার কথায় না কাজে বিশ্বাসী। দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করাই এই সরকারের লক্ষ্য। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, হাতিয়ার মানুষকে যে স্বপ্নের কথা নির্বাচনের আগে বলেছিলাম সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়াবাসীর দুঃখ-দুর্দশার কথা জানেন। দুঃখ-দুর্দশা ঘুচিয়ে হাতিয়ার কাঙ্ক্ষিত উন্নয়ন বিএনপি সরকার করবে।
মাহবুবের রহমান বলেন, হাতিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত করার জন্য সবাইকে দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে। বিএনপির সরকার দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সাম্য, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। সে লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ পদক্ষেপগুলোর বাস্তবায়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তাই সবার উচিত সরকারকে সহযোগিতা করা।
চট্টগ্রামস্থ হাতিয়া ছাত্র-যুব পরিষদের সভাপতি আকতার হোসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, আইল্যান্ড সিকিউরিটি লিমিটেড কোম্পানির চেয়ারম্যান মহিউদ্দিন, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ভাইস প্রিন্সিপাল ফখরুল মাওলা, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ আবুল কাশেম, হাতিয়া ছাত্র যুব পরিষদ, চট্টগ্রামের উপদেষ্টা অ্যাডভোকেট আকতার হোসেন প্রমুখ।
এমআরএএইচ/এমএমকে