মালয়েশিয়ায় বসবাসরত বিক্রমপুর–মুন্সিগঞ্জ অঞ্চলের প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও আলোচনা সভা। শুক্রবার (১৩ মার্চ) কুয়ালালামপুরের অভিজাত আরাবিয়ান রেস্টুরেন্ট আল-রাওশায় এ ইফতার মাহফিলের আয়োজন করে বিক্রমপুর–মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন, মালয়েশিয়া।
অ্যাসোসিয়েশনের সভাপতি খাইরুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এবং রাশেদ বিন আব্দুল্লাহর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, প্রবাসী কমিউনিটির ঐক্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এস কে সেন্টুসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতারা।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন কমিউনিটির নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা। তাদের মধ্যে ছিলেন কমিউনিটি নেতা মকবুল হোসেন মুকুল, রেজাউল করিম রেজা, অহিদুর রহমান অহিদ, দাতো আব্দুর রউফ লিটন, আবুল কালাম, হুমায়ূন কবির, রাশেদ বাদল, এমএ কায়ূম, দাতু জ্যাম, মামুনুর রশিদ, মোহাম্মদ আলীসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতারা। উপস্থিত অতিথিরা এ ধরনের আয়োজনকে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
আলোচনা সভার একপর্যায়ে বিক্রমপুর–মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাইরুল ইসলাম টুটুল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস কে সেন্টু। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ডা. মিজানুর রহমানকে।
এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন মাছুম মোল্লা, মো. শহিদ হোসেন খান, মো. জাকির হোসেন, আমিন সিকদার, রনি জাহান, রাতুল আহমেদ এবং মো. ইকবাল হোসেন। সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুব আলম শাহ, দাতু মো. সেলিম, এস এম মোয়াজ্জেম হোসেন নিপু, মাস্তাফিজ (মোস্তাক) এবং তালেব মোল্লা।
নবগঠিত কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এস কে সেন্টু বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বিক্রমপুর–মুন্সীগঞ্জের প্রবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বিক্রমপুর–মুন্সীগঞ্জের প্রবাসী ভাইদের পাশাপাশি কমিউনিটির সকল নেতাদের নিয়ে আমরা এই ইফতারের আয়োজন করেছি। ভবিষ্যতে এ সংগঠন প্রবাসীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।
তিনি আরও বলেন, প্রবাসে বসবাস করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং একে অপরের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিক্রমপুর–মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আঞ্চলিক সংগঠনগুলো পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করে। এ ধরনের সংগঠন প্রবাসীদের নানা সমস্যায় পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে নতুন প্রবাসীদের সহযোগিতা, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রেও এসব সংগঠনের অবদান গুরুত্বপূর্ণ।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষপর্বে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন ‘মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা ইমদাদুল হক সবুজ মামা। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি এবং প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করা হয়।
সার্বিকভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল প্রবাসী বিক্রমপুর–মুন্সিগঞ্জবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উপস্থিত অতিথিরা মনে করেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এমআরএম/এএসএম