ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, ইরানের সঙ্গে সংঘর্ষের ফলে গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তারা কিভাবে আহত হয়েছেন সে বিষয়টিও স্পষ্ট নয়। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা বা লেবানন থেকে রকেট হামলার কারণে নয় বরং আশ্রয়স্থলে পৌঁছানোর চেষ্টা করার সময় কিছু ব্যক্তি আহত হয়ে থাকতে পারেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৮১ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।
আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে বলা হয়েছে, যদি এই শিশুহত্যাকারী (নেতানিয়াহু) অপরাধী বেঁচে থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তিতে তাকে অনুসরণ করে হত্যা করবো।
টিটিএন