দেশজুড়ে

খাল খনন কর্মসূচির উদ্বোধন, সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারি সফরে সোমবার (১৬ মার্চ) দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি খাল খননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম কোনো জেলা সফর।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪৫মিনিটে নিজ বাসভবন থেকে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন। ৯টা ১৫ মিনিটে বিমানবন্দরে উপস্থিত হয়ে আকাশ পথে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন। ১০টা ১৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হয়ে সড়কপথে ‌‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল সবুজ রঙের বাসে করে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় উপস্থিত হয়ে সাহাপাড়া খাল খনন অনুষ্ঠান স্থলে যাবেন।

বেলা ১১টা ৩০ মিনিটে সাহাপাড়া খাল খনন অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে খাল খনন কর্মসূচিন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১২টা ১৫ মিনিটে দুস্থ ও অসহায়দের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করবেন। পরে ১২টা ৩০ মিনিটে সাহাপাড়া খাল খনন অনুষ্ঠানস্থলে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ২টা ৩০ মিনিটে সড়কপথে দিনাজপুর পৌরসভার উপশহরে অবস্থিত শেখ ফরিদ মডেল কবরস্থান অভিমুখে যাত্রা, ৩টা ৩০ মিনিটে শেখ ফরিদ মডেল কবরস্থান উপস্থিত হয়ে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত, বিকেল ৪টায় সার্কিট হাউজে উপস্থিত ও নামাজের বিরতি, বিকাল ৫টায় গোর-এ শহীদ বড় ময়দানে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ, ৬টা ৩০ মিনিটে নামাজের বিরতি, ৬টা ৪৫ মিনিটে দিনাজপুর সার্কিট হাউজ থেকে সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা ও বিমানবন্দরে উপস্থিতি, রাত ৮টা ১৫ মিনিটে আকাশ পথে সৈয়দপুর বিমানবন্দ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা এবং ৯টা ৩০ মিনিটে ঢাকায় উপস্থিতি।

সফর ঘিরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নিশ্ছিদ্র নজরদারি বজায় রেখেছেন।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জিদান আল মুসা সার্বিক নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস