বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে এই তারকাখচিত আসর, যেখানে দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে রেড কার্পেট হয়ে উঠেছে উৎসবমুখর।
এবারের অস্কার অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। অনুষ্ঠান শুরুতেই তার ঝরঝরে রসিকতা ও মজার উপস্থাপনায় মাতিয়ে তোলেন দর্শকদের। বিশেষ করে ‘উইপনস’ সিনেমা ঘিরে করা একটি হাস্যরসাত্মক স্কেচ উপস্থিত সবার দৃষ্টি কাড়ে।
কাকতালীয়ভাবে রাতের প্রথম পুরস্কারটিও জিতে নেয় সেই ‘উইপনস’ সিনেমাই। ছবিটিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন অ্যামি ম্যাডিগান।
অ্যামি ম্যাডিগান
অন্যদিকে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন হলিউড তারকা শন পেন। তিনি এই সম্মান পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় অভিনয়ের জন্য।
প্রতিযোগিতায় আলোচনায় দুই সিনেমা: এবারের অস্কারের লড়াই ছিল বেশ খোলা। তবে শুরু থেকেই দুটি সিনেমা আলোচনার কেন্দ্রে ছিল। একটি ‘সিনার্স’, যা দক্ষিণী কৃষ্ণাঙ্গ সংস্কৃতি ও ব্লুজ সংগীতের প্রেক্ষাপটে নির্মিত একটি ভ্যাম্পায়ার থ্রিলার। অন্যটি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যেখানে একজন সাবেক বিপ্লবীর জীবনসংগ্রামের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বাস্তবতা তুলে ধরা হয়েছে।
এখন পর্যন্ত ঘোষিত বিজয়ীরা: এবারের আসরে এখন পর্যন্ত ঘোষিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে বিজয়ীদের তালিকা-
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (উইপনস)সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)সেরা কাস্টিং: ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্সসেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: মাইক হিল, জর্ডান স্যামুয়েল ও ক্লিওনা ফুরে (ফ্রাঙ্কেনস্টাইন)
সেরা কস্টিউম ডিজাইন: কেট হাওলি (ফ্রাঙ্কেনস্টাইন)সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য সিঙ্গার্স এবং টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা (যৌথভাবে)
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
তবে অস্কারের মূল আকর্ষণ- সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর মতো বড় বিভাগগুলোর ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ফলে বিশ্বের কোটি কোটি দর্শকের দৃষ্টি এখন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের মঞ্চের দিকেই।
আরও পড়ুন:পরকীয়া বিতর্কে বাবাকে আনফলো, নাম থেকেও ‘বিজয়’ বাদ দিলেন ছেলে কত সম্পদের মালিক ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান?
উল্লেখ্য, গতকাল ১৫ মার্চ (রোববার) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব চলচ্চিত্রের এই মহোৎসব। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় সম্প্রচারিত হয়। এর আগে থেকেই রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতিতে জমে ওঠে অস্কারের আসর।
এমএমএফ