অর্থনীতি

ঈদের আগে শেষ কার্যদিবস, শুরুতে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

ঈদের আগে শেষ কার্যদিবস সোমবার (১৬ মার্চ) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। তবে লেনদেনে ধীরগতি রয়েছে।

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৩০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৭৬ কোটি টাকার বেশি। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে প্রায় ২৫০ প্রতিষ্ঠান।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে মূল্যসূচকও ঊর্ধ্বমূখী অবস্থায় রয়েছে। এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ছুটি। এই ছুটির মধ্যে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। ৭ দিনের ছুটি শেষে আগামী ২৪ মার্চ শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হবে।

এমন লম্বা ছুটির আগে শেষ কার্যদিবসে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম আধাঘণ্টা জুড়েই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। এতে লেনদেনের আধাঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক ৩০ পয়েন্ট বাড়ে।

তবে এরপর কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ২০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৭টির। আর ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

ফলে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২১ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৭১ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৯২ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৪৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১০টির।

এমএএস/এএমএ