অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে আইয়ুব মিয়ার পদত্যাগ

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার (১৬ মার্চ) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণেই তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। গত বছরের ৭ ডিসেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

তারল্য সংকটে থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা।

এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন জোগান দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে সংগ্রহ করার কথা।

ইএআর/এমআইএইচএস