খেলাধুলা

বাপ-বেটার ৫৯০ রানের অবিশ্বাস্য জুটি

বাবা-ছেলের একসঙ্গে এক দলে খেলা এক রোমাঞ্চকর ও স্মরণীয় ঘটনা নিঃসন্দেহে। যেমন কিছুদিন আগে বিপিএলে মোহাম্মদ নবি ও তার ছেলে হাসান ইশাখিল একসঙ্গে খেলেছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। তেমনই এক বাপ-বেটার গল্প উঠে এসেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড অ্যান্ড সাবআরবান অ্যাসোসিয়েশন ক্রিকেটে।

বাবা ও ছেলে একসঙ্গে ব্যাট করতে নামেন ওপেনিংয়ে জুটি বেঁধে। এরপর বাইশ গজে বাপ-বেটা মিলে যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। দুজন মিলে জন্ম দিলেন বিস্ময়ের। দুই প্রজন্মের দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়েছে প্রতিপক্ষ দলের বোলাররা। এমনকিছু ক্রিকেটে আগে কখনো দেখা গেছে কিনা বের করা মুশকিল।

গত শনিবার করোম্যান্ডেল ভ্যালির হয়ে মরফেটভিল পার্কের বিপক্ষে ওপেনিং জুটিতে অবিচ্ছিন্ন ৫৯০ রান তুলেছেন বাবা ড্যারেন চিক এবং তার ছেলে স্যাম চিক। ৪০ ওভারের ম্যাচটি এখন ক্রিকেট দুনিয়ার মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইনিংসের শুরুতে আক্রমণাত্ম ছিলেন বাবা ড্যারেন। কিন্তু কিছুক্ষণ পর বাবার রূপ ধারণ করেন ছেলে স্যাম। রুদ্রমূর্তি ধারণ করে সেঞ্চুরি করেন মাত্র ৫৬ বলে। এরপর ১৭ বলের মধ্যে ছুঁয়ে ফেলেন ১৫০ রানের মাইলফলক। পরের পঞ্চাশ আছে আরও কম বলে। মাত্র ১৪ বলে এবার ৫০ করে ৮৭ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। তবে এরপর যা করেছেন তা অতিমাত্রায় অবিশ্বাশ্য। পরের ১০০ রান করেন মাত্র ২২ বলে।

ইনিংস শেষে ৪০২ রানে অপরাজিত ছিলেন স্যাম। মাত্র ১৩২ বলের ইনিংসটি সাজিয়েছেন ৭২ বাউন্ডারিতে। যেখানে ছক্কা মেরেছেন ৪২টি আর চার ৩০টি। কেবল ৩৮৪ রান শুধু বাউন্ডারি থেকে। ব্যাটিং করেন স্যাম ৩০০-এর ওপরে স্ট্রাইকরেটে। ইনিংসের ৩২তম ওভারে ডার্সি লেনের এক ওভারে টানা ছয় ছক্কাও মারেন।

ষাটোর্ধ্বদের ক্রিকেটে নিয়মিত খেলা বাবা ড্যারেন চিকও খেলেছেন দুর্দান্ত। ১০৮ বলে অপরাজিত ছিলেন ১৭৫ রানে। নির্ধারিত ৪০ ওভার শেষে করোমন্ডেল ভ্যালির সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৫৯০ রান। ৪০ ওভারের যেকোনো ম্যাচে এটি রেকর্ড জুটি বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস।

এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রান করতে পারে দলটি। করোম্যান্ডেল জেতে ৪৪৪ রানের বিশাল ব্যবধানে। ব্যাটিংয়ে কয়েক ঘণ্টা তাণ্ডব চালানোর পর বাবা-ছেলে মিলে বোলিংও ওপেন করেন। ড্যারেন ১১ রান দিয়ে ১ উইকেট নিলেও স্যাম উইকেটশূন্য থাকেন।

আইএন