জাতীয়

বছিলা ঘাট থেকে ৬, শিমুলিয়া থেকে ৩ লঞ্চ চলছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিশেষ লঞ্চ সার্ভিস চালু করেছে।

সদরঘাটের চাপ কমাতে রাজধানীর বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে এই সার্ভিস পরিচালিত হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বছিলা ঘাট থেকে প্রতিদিন বিভিন্ন গন্তব্যের ছয়টি লঞ্চ ছেড়ে যাচ্ছে। বছিলা লঞ্চঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় হাকিমুদ্দিনগামী এমভি টিপু, সকাল ৮টা ৩০ মিনিটে শরীয়তপুরগামী এমভি ইমাম হাসান-৫, সকাল ১১টায় চাঁদপুরগামী এমভি ঈগল-৪, দুপুর ১২টায় ইলিশাগামী এমভি টিপু-৬, দুপুর ১টা ৩০ মিনিটে গলাচিপাগামী এমভি বোগদাদীয়া-১২ ও শরিয়তপুর-৩ এবং বিকাল ৫টা ৩০ মিনিটে ইলিশাগামী এমভি ইয়াদ-১ ছেড়ে যাবে।

যাত্রী চাপ বাড়লে লঞ্চের সংখ্যা আরও বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে প্রতিদিন তিনটি লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে চলাচল করছে। এ ঘাট থেকে সকাল ৮টায় চাঁদপুরগামী সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস, সকাল ৯টায় চাঁদপুরগামী সমতা সমৃদ্ধি-১ এবং সকাল ৮টায় বরিশালগামী এমভি রাজারহাট বি লঞ্চ ছেড়ে যাবে। একই লঞ্চটি বরিশাল থেকে সন্ধ্যা ৭টায় শিমুলিয়ার উদ্দেশে ফিরতি যাত্রা করবে।

মঙ্গলবার এই ঘাটটি পরিদর্শন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

এছাড়া ঈদযাত্রায় যাত্রীসেবার মান বাড়াতে সদরঘাটে ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রবীণ ও নারী যাত্রীদের জন্য বিনামূল্যে কুলি সেবা এবং অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য হুইলচেয়ার সেবার ব্যবস্থা রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ আশা করছে, এসব উদ্যোগে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বছিলা এলাকায় নতুন লঞ্চঘাট চালু করেছে সরকার। এই লঞ্চঘাটের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।

প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাভার ও গাবতলীসহ আশপাশের এলাকার নৌযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরএমএম/এসএনআর