চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। দলের মিডফিল্ডের প্রাণভোমরা, ইংলিশ তারকা জুদ বেলিংহ্যাম স্কোয়াডে থাকলেও খেলতে পারবেন না ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে। তবে স্বস্তির খবর হলো- দলে ফিরতে পারেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া নিশ্চিত করেছেন, বেলিংহ্যাম দলের সঙ্গে ম্যানচেস্টারে গেলেও ম্যাচে অংশ নেবেন না। পেশির চোটে ভুগছেন এই ইংলিশ তারকা, ফেব্রুয়ারির শুরু থেকে মাঠের বাইরে আছেন তিনি।
কোচ আরবেলোয়া বলেন, ‘বেলিংহাম নিজেই দলের সঙ্গে থাকতে চেয়েছে। সে কিছুটা ট্রেনিং করতে চায়। তবে ম্যাচ খেলবে না। সে আমাদের নেতা- তাকে কাছে পাওয়া গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে, বাম হাঁটুর চোট কাটিয়ে ধীরে ধীরে ফিট হচ্ছেন কিলিয়ান এমবাপে। শেষবার তিনি খেলেছিলেন ফেব্রুয়ারির ২১ তারিখে, লা লিগায় ওসাসুনার বিপক্ষে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ইতোমধ্যেই ১৩ গোল করা এই ফরাসি তারকাকে নিয়ে বেশ আশাবাদী রিয়াল শিবির।
আরবেলোয়া বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় ছাড়া দল আরও ভালো খেলবে- এটা ভাবা কঠিন। তবে তার অনুপস্থিতিতেও দল ভালো করেছে, যা স্কোয়াডের গভীরতা দেখায়। এমবাপে ফিরলে সে অবশ্যই পার্থক্য গড়ে দেবে।’
গত শনিবার এলচের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচেও ছিলেন না এমবাপে ও বেলিংহ্যাম। ইনজুরির কারণে বেশ কয়েকজন মূল খেলোয়াড় না থাকায় ওই ম্যাচে একাডেমির খেলোয়াড়দের সুযোগ দিতে হয়েছিল কোচকে। এদিকে, ডিফেন্ডার আলভারো ক্যারেরাস-ও দলে ফিরেছেন, যা রিয়ালের জন্য বাড়তি শক্তি যোগ করবে।
উল্লেখ্য, গত সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ, যেখানে হ্যাটট্রিক করেছিলেন ফেডেরিকো ভালভার্দে। ওই ম্যাচেও অনুপস্থিত ছিলেন এমবাপে, বেলিংহ্যাম ও ক্যারেরাস।
সব মিলিয়ে, দ্বিতীয় লেগের আগে একদিকে বেলিংহামের অনুপস্থিতি চিন্তার কারণ হলেও, এমবাপ্পের সম্ভাব্য প্রত্যাবর্তন রিয়াল সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর।
আইএইচএস/