জাতীয়

মার্কেটে ভিড়, পছন্দের পোশাকের আশায় দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা

ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ঢল নেমেছে। ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর নিউমার্কেট ও গাউসিয়া মার্কেটসহ অন্য শপিংমল ও ফুটপাতের দোকানগুলো।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর নিউমার্কেট ও গাউসিয়া মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, ঈদের আগে শেষ কয়েকদিনে বিক্রি সবচেয়ে বেশি হয়। তাই ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেক দোকানেই কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে।

ক্রেতারা বলছেন, ব্যস্ততা ও সময়ের অভাবে আগে কেনাকাটা করতে না পারায় শেষ মুহূর্তে মার্কেটে আসতে হচ্ছে। তবে ভিড় বেশি হলেও পছন্দের পণ্য পাওয়ার আশায় ঘুরছেন এক দোকান থেকে আরেক দোকানে।

সরেজমিন দেখা যায়, দুপুরের পর থেকেই নিউমার্কেট ও গাউসিয়া মার্কেটের প্রতিটি দোকানের সামনে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে পোশাকের দোকানগুলোতে নারী ও তরুণীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। অনেকেই পরিবারের সদস্যদের জন্য একসঙ্গে ঈদের পোশাক কিনছেন। ফলে দোকানিদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ।

নিউমার্কেটের ব্যবসায়ী মো. সোহেল বলেন, ভালোই বিক্রি হচ্ছে। আমরা বাচ্চাদের আইটেম বিক্রি করি। এগুলো আগে আগে বেশি চাহিদা থাকে। গত কয়েকদিন বেশ ভালোই বিক্রি হয়েছে। বিগত বছরের তুলনায় বিক্রি আলহামদুলিল্লাহ।

টোকিও ফ্যাশনের বিক্রেতা ওমর ফারুক বলেন, বিক্রি বেশ ভালো। ইফতারের পর আরও বাড়বে।

গাউসিয়া মার্কেটের ব্যবসায়ী রাজন বলেন, ঈদের আগে এই কয়েকদিনই ব্যবসার ব্যস্ত সময়। গত কয়েকদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকছে। বিক্রিও আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। সামনের দু-দিন আরও বাড়ার আশা করি।

গাউসিয়া মার্কেটের আরেক বিক্রেতা মো. ইমরান বলেন, গত কয়েকদিন ধরে বিক্রি ভালো হচ্ছে। বিশেষ করে মেয়েদের পোশাক, থ্রি-পিস, শাড়ি ও বাচ্চাদের পোশাকের চাহিদা বেশি। শেষ মুহূর্তে ক্রেতারা বেশি আসায় দোকানে কাজের চাপও বেড়েছে।

রাজধানীর মোহাম্মদপুর থেকে কেনাকাটা করতে নিউমার্কেট এসেছেন শহিদুল ইসলাম। তিনি বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছি। এখানে তুলনামূলক দাম কম। পোশাকও মোটামুটি ভালো পাওয়া যায়। তবে শেষ মুহূর্তে ভিড় অনেক বেশি।

অন্য এক ক্রেতা লিমন শেখ বলেন, অফিসের ব্যস্ততার কারণে কেনাকাটা করতে আসতে পারিনি। এজন্য আজ পরিবার নিয়ে মার্কেটে এসেছি। কিছু জিনিসপত্র কেনা হয়েছে। আরও কিছু কেনাকাটা বাকি। ঘুরছি-দেখছি, পছন্দ ও দামে মিললে কেনাকাটা করছি।

কেআর/এমআইএইচএস