দেশজুড়ে

কাল পরতেন বিয়ের শেরওয়ানি, আজ গায়ে জড়ালো কাফন

আগামীকাল সোমবার (২৩ মার্চ) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জুলফিকার ইসলাম জিল্লুরের (২৬)। চারদিকে চলছিল উৎসবের প্রস্তুতি। কিন্তু এক নিমেষেই সব আনন্দ বিষাদে রূপ নিল। বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।

রোববার (২২ মার্চ) সকালে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলী জিল্লুর পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের আনছারুল হক মুন্সীর ছেলে।

ঘটনাটি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি জানান, নিহত জিল্লুরের আগামীকাল সোমবার বিয়ে হওয়ার কথা। সে বিয়ের দাওয়াত দিতে বড় ভাই রফিকুল ইসলামের প্রাইভেটকার নিজে চালিয়ে গড়মাটি বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রাইভেটকার গতি হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। তিনি ঘটনাস্থলেই নিহত হন।

শেখ মহসীন/কেএইচকে/জেআইএম