খেলাধুলা

২১ এপ্রিল শুরু হচ্ছে লাল বলের বিসিএল

ঈদুল ফিতরের আমেজ কাটিয়ে আবারও মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দেশের ক্রিকেটাররা। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লঙ্গার ভার্সন। বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদেরও পাওয়া যাবে। তারা মে মাসের ১ তারিখ পর্যন্ত এই লিগে অংশ নেবেন এবং এরপর পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবেন। জাতীয় দলের ক্রিকেটাররা চলে যাওয়ার পর তাদের জায়গায় ঘরোয়া ক্রিকেটের অন্য খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হবে।

আগামী ১৭ এপ্রিল রিপোর্ট করবেন ক্রিকেটাররা। সিলেটে এবার বিসিএলের লাল বলের টুর্নামেন্টের পর্দা উঠবে। এর সঙ্গে রাজশাহী, বগুড়া ও ঢাকার ভেন্যুগুলো নিয়ে আলোচনা চলছে। খেলার সূচিতেও রাখা হয়েছে পর্যাপ্ত বিরতি; প্রথম দুই রাউন্ডের মাঝে তিন দিন এবং শেষ রাউন্ডের আগে পাঁচ দিনের গ্যাপ রাখা হয়েছে।

মে মাসের ৬ বা ৭ তারিখ নাগাদ টুর্নামেন্টের শেষ রাউন্ড শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচিং প্যানেলের জন্য একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে, যেখানে ওয়ানডে ভার্সনের কোচদের পাশাপাশি নতুন কয়েকজনের যুক্ত হওয়ার কথা রয়েছে।

এসকেডি/এএসএম