খেলাধুলা

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিষিদ্ধ ডাকেট

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে মনযোগী হতে দেশটির ওপেনার বেন ডাকেট ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ থেকে আনুষ্ঠানিকভাবে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আকস্মিক নাম প্রত্যাহার করে নেওয়ায় আগামী দুই মৌসুম আইপিএল থেকে নিষিদ্ধ হলেন তিনি।

দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ডাকেট বলেন, ‘এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল, এবং দিল্লির সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে আমি এবার আসতে পারছি না।’

২ কোটি রুপিতে ২০২৫ সালের নিলামে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পান ডাকেট। এ ব্যাপারে তিনি বলেন, ‘নিলামে নাম দেওয়ার সময় আমি ভেবেছিলাম এটা দারুণ একটি সুযোগ হবে। দিল্লির মতো একটি দল আমাকে নেওয়ায় আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। এটি বিশ্বের সেরা প্রতিযোগিতা, যেখানে সেরা খেলোয়াড়রা খেলে অভিজ্ঞতাটা অসাধারণ হতে পারত।’

আচমকা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কারণে তাকে আরও দুই মৌসুমের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে ২০২৯ সালের আগে আর এই আসরে খেলা হচ্ছে না তার। ভারতীয় ক্রিকেট বোর্ড আগে সতর্ক করে জানিয়েছিল, নিলামের পর যথাযথ কারণ ছাড়া সরে দাঁড়ালে দুই মৌসুমের নিষেধাজ্ঞা দেওয়া হবে।

ডাকেট বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ইংল্যান্ডের হয়ে খেলা, এটাই ছিল আমার সবকিছু।’

তিনি জানান, না খেলেই আইপিএলকে বিদায় বলে দিচ্ছেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন ডাকেট। তিনি বলেন, ‘এখন আমার বয়স ৩১। তাই ভবিষ্যতে সুযোগ পাওয়া কঠিন হতে পারে। তবে একদিন দিল্লির হয়ে খেলতে চাই। কিন্তু অনেক ভেবে দেখেই বুঝেছি, আমার ক্যারিয়ারের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।’

ডাকেট আরও বলেন, ‘গত চার বছর যা করেছি, সবই এই সময়টার জন্য প্রস্তুতি ছিল। এটা আমার জীবনের সেরা ১২ মাস হতে পারত। অক্টোবরে বিয়ে করেছি। এরপর আশা ছিল অ্যাশেজ জেতা, বিশ্বকাপ খেলা এবং জেতা—এটাই ছিল শীতকাল শুরুর সময় আমার পরিকল্পনা। বিয়েটা হয়েছে, সেটাতে আমি খুব খুশি। কিন্তু এরপর সবকিছু পরিকল্পনা মতো হয়নি।’

উল্লেখ্য, এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণে ৯৮ ম্যাচ খেলেছেন বেন ডাকেট।

আইএন