ঝিনাইদহের মহেশপুরে মাছ ধরতে নেমে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশের এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে।
নিহত আশিক নওগাঁর রাণিনগরের একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
নস্তি বাওড়ের সদস্য নিত্য হালদার ও নায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ পুলিশ লাইনের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল মো. আরিফ হোসেন মুন্সী ও ড্রাইভার আশিক আহম্মেদ নস্তি বাওড়ে মাছ ধরতে আসেন। বাওড়ে নামার পর বিকাল সাড়ে ৩টার দিকে আশিকের বিষধর সাপে কামড় দেয়।
তিনি আরও জানান, এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আশিককে মহেশপুর হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই রোগী মারা গেছেন। তবে তার পায়ে সাপে কাটার মতো ক্ষত চিহ্ন ছিল। হাতের নখগুলো নীল হয়ে গেছে। সাপেকাটা রোগীর যে ধরনের লক্ষণ থাকে, আশিকেরও সে রকম ছিল।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঝিনাইদহ থেকে আশিকসহ চারজন পুলিশ সদস্য মহেশপুর থানায় আসেন গাড়ি মেরামত করতে। কাজ শেষে তারা নস্তি বাওড়ে যান। এ সময় তারা বড়শি দিয়ে মাছও ধরেন। মাছধরা শেষ করে গোসল করতে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন বাওড়ে মাছ ধরার সময় হয়ত বিষধর সাপে আশিককে দংশন করে।
এম শাহাজান/কেএইচকে/এমএস