প্রবাস

দাম্মাম-কাইসুমা হয়ে কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট চালুর চেষ্টা চলছে: দূতাবাস

কুয়েত প্রতিনিধি

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সরকার আকাশসীমা বন্ধ রাখায় দেশটি থেকে আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট চলাচল বর্তমানে স্থগিত রয়েছে। এ পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জরুরি প্রয়োজনে দেশে যাতায়াতের সুবিধার্থে সৌদি আরবের দাম্মাম ও কাইসুমা বিমানবন্দর ব্যবহার করে কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে কাউন্সিলর (দূতালয় প্রধান) মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সরকার আকাশসীমা বন্ধ রাখায় দেশটি থেকে বহির্বিশ্বে এবং বহির্বিশ্ব থেকে কুয়েতে সব ধরনের ফ্লাইট কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় কুয়েতের নিকটবর্তী সৌদি আরবের দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর ও কাইসুমা বিমানবন্দর ব্যবহার করে কুয়েত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্যে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের সঙ্গে কাজ করছে।

এরই মধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুয়েত এয়ারওয়েজকে দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে।

তবে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরবে প্রবেশের ট্রানজিট ভিসা বা অনুমোদন পাওয়া। এ প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় জাজিরা এয়ারওয়েজ এরই মধ্যে ১৭ মার্চ থেকে সৌদি আরবের কাইসুমা বিমানবন্দর থেকে শ্রীলঙ্কা ও কুয়েতের মধ্যে এবং ২০ মার্চ থেকে ভারত ও কুয়েতের মধ্যে ফ্লাইট চালু করেছে। এছাড়া আগামী ২৯ মার্চ থেকে পাকিস্তানের লাহোর ও কুয়েতের মধ্যে ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে।

জাজিরা এয়ারওয়েজ তাদের যাত্রীদের জন্য সৌদি আরবের ভিসা সংগ্রহসহ কুয়েতের নির্ধারিত স্থানে চেক-ইন সম্পন্ন করে বাসযোগে কুয়েত-সৌদি সীমান্তে পৌঁছানো, ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা এবং একই বাসে সৌদি আরবের কাইসুমা বিমানবন্দরে পৌঁছে নির্ধারিত ফ্লাইটে ভ্রমণের ব্যবস্থা করেছে।

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের সুবিধার্থে একই ধরনের ব্যবস্থা চালুর জন্য বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজকে অনুরোধ জানিয়েছে।

দূতাবাস আশা করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে খুব শিগগিরই বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ কুয়েত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট কার্যক্রম চালু করতে পারবে।

এদিকে যেসব প্রবাসী বাংলাদেশির জরুরি প্রয়োজনে বাংলাদেশ বা অন্য গন্তব্যে ভ্রমণ প্রয়োজন, তাদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় স্থলপথে সৌদি আরবে প্রবেশ করে ট্রানজিট ভিসা নিয়ে গন্তব্যে যাওয়ার সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ১৮ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হয়েছে।

এমআরএম