বিনোদন

নিজের সিনেমার টিকিট পাচ্ছেন না মাশা

এবারের ঈদে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সংগীতশিল্পী মাশা ইসলামের। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা যাচ্ছে তাকে। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম নূর। এতে একটি চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী মাশা ইসলাম।

মজার এক বিড়ম্বনায় পড়েছেন তিনি সিনেমাটি দেখতে গিয়ে। ঈদের দিন থেকে অনেক চেষ্টা করেও সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন না। কারণ, কোথাও টিকিট নেই।

মাশা ইসলাম বলেন, ‘ঈদের দিন থেকে পরিবার নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে চাইছি। এখনো দেখতে পাচ্ছি না। অনেক প্রেক্ষাগৃহে খোঁজ নিয়েছি। টিকিট পাওয়া যাচ্ছে না।’

তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ যেন তারার মেলা। মোশাররফ করিম-চঞ্চল চৌধুরীর সঙ্গে আজমেরী বাঁধন, জাকিয়া বারী মম, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, এ কে আজাদ সেতুরা এতে অভিনয় করেছেন। তাদের সঙ্গে আছেন মাশাও। সিনেমায় তার চরিত্র ও অভিনয় দেখে বন্ধুরা কি বলছে জানতে চাইলে মাশা ইসলাম বলেন, ‘সিনেমাটি দেখে সবাই খুব প্রশংসা করছে। আমার চরিত্রটা খুব ছোট। সবাই তো বলছে খুব ভালো।’

সিনেমাটি নিয়ে নিজের অভিজ্ঞতা-অনুভূতি জানিয়ে মাশা বলেন, ‘হুমায়ূন আহমেদের উপন্যাসের কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া যে কোনো শিল্পীর কাছেই অনেক বড় কিছু। এর আগে অনেকবার অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। তবে কখনো অভিনয় করার জন্য ভেতরে তাড়না জন্মায়নি। এই কাজটি করেছি সেই তাড়না থেকে।’

পঞ্চম শ্রেণিতে থাকতে ভয়েস আর্টিস্ট হিসেবে শোবিজে কাজ শুরু করেন মাশা। সিসিমপুরেও ভয়েস দিয়েছেন তিনি। পর্দার পেছনে অনেকদিন ধরেই কাজ করছেন।

 

এমআই/এলআইএ