মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার সংলগ্ন পুরাতন ট্রলার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার মিয়ার ছেলে মো. আকাশ মিয়া (২০) এবং একই উপজেলার বড়ইচড়া গ্রামের মৃত শুক্কুর আলীর মেয়ে মোসা. সাদিয়া আক্তার (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুপুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে ডুবে যায় দুইজন। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর আকাশ মিয়াকে এবং কিছু সময় পর সাদিয়া আক্তারকে পানির নিচ থেকে তুলে আনেন। গুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরে তাকেও উদ্ধার করা হয়। দু’জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
মো. সজল আলী/এনএইচআর/এএসএম