খেলাধুলা

ওয়ারজাবালের জোড়া গোলে সার্বিয়াকে অনায়াসে হারালো স্পেন

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সার্বিয়াকে অনায়াসেই হারিয়েছে স্পেন। ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল করেন স্ট্রাইকার মিকেল ওয়ারজাবাল।আর বদলি হিসেবে নেমে অভিষেক ম্যাচেই গোল করেছেন ভিক্টর মুনোজ। আর মাঠ ছেড়েছে স্পেন ৩-০ গোলের জয়ে।

শুক্রবারের ম্যাচে শুরু থেকেই দাপট দেখাতে থাকে স্পেন। ইরান-ইসরায়েলের যুদ্ধের প্রভাবে কাতারে হতে যাওয়া ফিনালিসিমা বাতিল হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামে স্পেন।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় স্পেন। নিখুঁত পাসের সমন্বয়ে গড়া আক্রমণ থেকে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে দেন ওয়ারজাবাল। এরপর ৪৪ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন তিনি। এবারের গোলটি করেন বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে।

প্রথমার্ধে আধিপত্য দেখিয়ে দুই গোল করার পর তৃতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। ফেরান তোরেসের চমৎকার ব্যাক পাস থেকে বল পেয়ে জালে পাঠান মুনোজ, যা ছিল তার অভিষেক ম্যাচের প্রথম গোল।

আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত আসরের এইচ গ্রুপে খেলবে স্পেন। ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

এর আগে আগামী সপ্তাহে মিশরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। এছাড়া বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে পেরুর মুখোমুখি হওয়ার কথাও নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।

আইএন