বিনোদন

‘তুমি ছাড়া’ গানে মুগ্ধ দর্শক, আলোচনায় হুমায়রা ঈশিকা

ঈদের সিনেমা ‘রাক্ষস’এর গান ‘তুমি ছাড়া’ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তরুণ কণ্ঠশিল্পী হুমায়রা ঈশিকা। গানটির দুটি সংস্করণ থাকলেও সলো ও সফট ভার্সনে শোনা গেছে তার কণ্ঠ। সেগুলো ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সিনেমায় পুরো গানটি ব্যবহৃত হওয়ায় এটি আলাদাভাবে দর্শকের নজর কাড়ছে।

গানটি নিয়ে উচ্ছ্বসিত ঈশিকা জানান, সফট ভার্সনটি তার কাছে বিশেষ। দর্শকদের কাছ থেকে সরাসরি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে তিনি অনুপ্রাণিত হচ্ছেন। এমনকি সিনেপ্লেক্সে গিয়ে অনেক দর্শক তাকে গানটির জন্য অভিনন্দনও জানিয়েছেন।

এর আগে ‘কাজল রেখা’ সিনেমার মাধ্যমে প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয় এই গায়িকার। ওই সিনেমার ২৪টি গানের মধ্যে ৭টিতে কণ্ঠ দেন তিনি। এছাড়া ইমরান মাহমুদুলের সঙ্গে গাওয়া ‘পারব না তোমাকে ছাড়তে’ গানটি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়।‘রাক্ষস’ সিনেমার নায়িকা সুস্মিতার সঙ্গে ঈশিকা

বগুড়ায় জন্ম নেওয়া হুমায়রা ঈশিকার সংগীতে যাত্রা শুরু হয় মাত্র সাড়ে তিন বছর বয়সে। ক্ষুদে গানরাজ ২০১৬-এর টপ ৭ ফাইনালিস্ট ছিলেন তিনি। পাশাপাশি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩’- এ শ্রেষ্ঠ নবাগত শিল্পী এবং ‘বিআইএফএ অ্যাওয়ার্ডস ২০২৪’-এ ‘কাজল রেখা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পীর স্বীকৃতি পান।

পড়াশোনার পাশাপাশি নিয়মিত সংগীত নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। তার বিশ্বাস, ‘তুমি ছাড়া’ গানটি আলাদাভাবে প্রকাশ পেলে আরও বড় পরিসরে শ্রোতাপ্রিয়তা পাবে।

 

এলআইএ