বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ‘ঢাকা ক্যাপিটালস’ খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে সৃষ্টি হওয়া জটিলতা এবার চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান (মিঠু) জানিয়েছেন, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ঢাকা ম্যানেজমেন্ট ক্রিকেটারদের বকেয়া পরিশোধে ব্যর্থ হয়েছে।
খেলোয়াড়দের দাবি অনুযায়ী, এখনো প্রায় তিন কোটি টাকার বেশি পাওনা রয়ে গেছে। বিসিবি আগামী সোমবারের মধ্যেই এই বিষয়ে কঠোর আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
ঢাকার বকেয়া পরিশোধের সময়সীমা ইতোমধ্যে ৬০ দিন পার হয়ে গেছে। বিসিবির কাছে এই ফ্র্যাঞ্চাইজির ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এবং সমপরিমাণ অঙ্কের চেক জমা আছে।
মিঠু বলেন, ‘আমাদের ধৈর্যের একটা লিমিট আছে। আমরা একচুয়ালি এই উইকেই একটা অ্যাকশনে চলবো। ওনাদের ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আর ৫ কোটি টাকার চেক আমাদের কাছে আছে। আজকালকের মধ্যে টাকা না দিলে আমাদের অন্য পন্থায় যেতেই হবে।’
তিনি আরও নিশ্চিত করেন যে, ব্যাংক গ্যারান্টির মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত আছে, তাই খেলোয়াড়দের টাকা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।
ঢাকা ফ্র্যাঞ্চাইজি দাবি করেছিল যে বিসিবির কাছ থেকে প্রাপ্য লভ্যাংশ পেলে তারা বকেয়া শোধ করবে। এই দাবি নাকচ করে দিয়ে মিঠু বলেন, ‘এইটার সাথে কোনো কানেকশন নাই। লভ্যাংশ যখন সব ক্লোজ হবে, তখন আপনি পাবেন; কিন্তু নিয়ম অনুযায়ী ২৫% খেলার আগে, ৫০% খেলার মধ্যে আর ২৫% খেলা শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা। সব টিম দিয়ে দিয়েছে, শুধু এদেরই বাকি।’
বিসিবি স্পষ্ট জানিয়েছে, তারা ফ্র্যাঞ্চাইজির চেয়ে খেলোয়াড়দের দাবিকেই বেশি গুরুত্ব দিচ্ছে এবং প্রয়োজনে উভয় পক্ষকে মুখোমুখি বসিয়ে রিকনসাইল করা হবে।
এসকেডি/আইএইচএস/