দেশজুড়ে

খুলনায় সবজির বাজার স্থিতিশীল, চড়া মুরগির দাম

খুলনার বাজারে ঈদের পর সবজির দাম স্থিতিশীল থাকলেও মুরগির দাম কমেনি। অন্যদিকে মাছের দাম কম থাকলেও সরবরাহ রয়েছে কম।

রোববার (২৯ মার্চ) খুলনার বয়রা বাজার, নতুন বাজার ও নিউ মার্কেট বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজির বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৩০-৩৫ টাকা, টমেটো ১০-১৫ টাকা কেজি, লাউ ৩০ টাকা প্রতি পিস, কুমড়া ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, কাঁচামরিচ ১০০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ ৪০-৫০ টাকা দরে এবং রসুন ৭০-১০০ টাকা কেজি দরে এবং আলু ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা কেজি দরে, সোনালি ৩৩০-৩৫০ টাকা কেজি দরে ও লেয়ার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ঈদের আগে বৃদ্ধি পেলেও এখনো দাম কমেনি।

মাছের বাজারে রুই আকারভেদে ২২০-২৫০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৫০০-৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৩০-১৬০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা দরে, পাঙাশ ১৬০-১৮০ টাকা, কাতল ২৪০-২৫০ টাকা কেজি এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের খুচরা সবজি ব্যবসায়ীরা বলছেন, সবজির দাম তুলনামূলক কম আছে। নতুন সবজিও বাজারে উঠতে শুরু করেছে। এজন্য দাম অনেকটা কম আছে। ফলন ভালো ও সরবরাহ ঠিক থাকলে দাম নাগালেই থাকে।

নিউ মার্কেট বাজারের মুরগি ব্যবসায়ী হাসান শেখ বলেন, গত সপ্তাহ থেকে মুরগির কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে। আমাদের পাইকারি ২০-২৫ টাকা বেশী মূল্যে কিনতে হচ্ছে। এছাড়া পরিবহন খরচ বেড়েছে। সব মিলিয়ে মুরগির দাম এখন একটু বেশি।

বয়রা বাজারে আসা ক্রেতা একরামুল হক বলেন, সবজি ও মাছের দাম তুলনামূলক কম রয়েছে। কিন্তু ঈদের পূর্বে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু তা আর কমেনি।

নিউ মার্কেট বাজারে আসা ক্রেতা শাহীদুল মোড়ল বলেন, সব সময় বাজারে কোন কোন না কোন কিছুর দাম ঊর্ধ্বমুখী থাকবেই। এখন সবজি মাছের দাম কম আছে, বেড়েছে মুরগি দাম। এজন্য উচিত বাজার মনিটরিং করা। নিয়মিত বাজার করলে সব ধরনের পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকতো বলে তিনি জানান।

আরিফুর রহমান/এমএন/জেআইএম