দেশজুড়ে

জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবির নজরদারি

রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে কড়া নজরদারিতে রয়েছে বিজিবি। রোববার (২৯ মার্চ) রাজশাহী-১ বিজিবির অধিনায়ক রিয়াজ শাহরিয়ার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ মার্চ থেকে পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়ামে ও যমুনা অয়েলের ডিপোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিক টহল ও তদারকির মাধ্যমে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে।

রিয়াজ শাহরিয়ার বলেন, জেলার তিনটি ডিপো থেকে ৬৪টি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ করা হয়। যার মধ্যে ১২টি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এসব স্থানে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত ১৯২টি টহল, ২৮৮টি ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা এবং প্রায় ২ হাজার ৫০০টি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি নৌপথে ৪৮টি টহল পরিচালনার মাধ্যমে পাচার প্রতিরোধ জোরদার করা হয়েছে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এমএস