যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, এসব পরিকল্পনায় বিশেষ অভিযান বাহিনী এবং নিয়মিত পদাতিক সেনাদের অংশগ্রহণে অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে। তবে এসব পরিকল্পনা অনুমোদন করবেন কিনা, তা এখনো অনিশ্চিত বলে উল্লেখ করা হয়েছে, যা নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর।
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পঞ্চম সপ্তাহে প্রবেশ করায়, ট্রাম্প প্রশাসন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন মেরিন সেনা মোতায়েন করেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশন থেকে থেকে হাজার হাজার সৈন্য ওই অঞ্চলে পাঠানোর পরিকল্পনাও করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ নামের এই আন্দোলনের তৃতীয় দফায় দেশজুড়ে লাখো মানুষের অংশগ্রহণ দেখা গেছে।
আয়োজকদের দাবি, ইরান যুদ্ধ, কঠোর অভিবাসন নীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদেই এই বিক্ষোভ। তারা বলেন, ট্রাম্প আমাদের ওপর স্বৈরশাসকের মতো শাসন করতে চান। কিন্তু এটি আমেরিকা—এখানে ক্ষমতা জনগণের, কোনো ‘রাজা’ বা ধনকুবেরদের নয়।
তবে হোয়াইট হাউজের এক মুখপাত্র এসব বিক্ষোভকে ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন বলে উড়িয়ে দেন এবং দাবি করেন, এসব নিয়ে কেবল সংবাদমাধ্যমই আগ্রহী।
শনিবার দিনভর নিউইর্য়ক সিটি, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, বোসটনসহ প্রায় সব বড় শহরে বিক্ষোভ হয়। ছোট শহর ও এলাকায়ও সমাবেশ দেখা গেছে।
সূত্র: রয়টার্স
এমএসএম