দেশজুড়ে

ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি

ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে গত কয়েক দিনে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর রেকর্ড নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দেশে এখনো শিশুদের মাঝে হামে আক্রান্ত হওয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই দু’একজন করে শিশু হামের লক্ষ্মণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আক্রান্ত শিশুদের স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসলেই বোঝা যাবে, তারা হাম আক্রান্ত কিনা। জেলার স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সতর্ক রয়েছে। তবে এর মধ্যে গোপালগঞ্জে হামে একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের সিভিল ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুরে দুটি হাসপাতালে সোমবার পর্যন্ত মোট ১৪ শিশু হামের লক্ষ্মণ নিয়ে ভর্তি রয়েছে। স্বাস্থ্য বিভাগ হাম-রুবেলাসহ বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা প্রদান করে। সরকারি হিসাব অনুযায়ী, ৯৫ ভাগ শিশুকে এ টিকা দেওয়া হয়। তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার জরিপে এটি ৮৪ পার্সেন্ট বলা হয়েছে। এই ১৬ পার্সেন্ট শিশু বাদ পড়ছে, যাদের হাম আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে।

তিনি জানান, প্রতিবছর সরকার শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে নরমাল ভ্যাকসিন দিয়ে আসলেও গত ৬/৭ বছর যাবত কোনো ক্যাম্প হচ্ছে না। বাদ পড়া শিশুদের জন্য ক্যাম্পিং করে টিকা দেওয়া হলে একটি প্রতিরোধী ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম