দেশজুড়ে

ইউএনও কার্যালয়ে চুরির অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার, টাকা উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের স্টিলের আলমারি থেকে টাকা চুরির অভিযোগে তুষার দাস (৩০) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার।

এর আগে রোববার (২৯ মার্চ) দিনগত রাতে শরীয়তপুর সদর উপজেলার ধানুকা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ ব্যয়ের জন্য ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাকির হোসেন খাঁনের কক্ষের স্টিলের আলমারিতে চার লাখ ৬ হাজার টাকা রাখা ছিল। ২৪ মার্চ এ টাকা চুরি হয়ে যায়। পাশাপাশি হাটবাজারের খাস আদায়ের ১৬ লাখ ৫০ হাজার টাকার দুটি পে-অর্ডার খোয়া যায়। পরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করা হলে পরিচ্ছন্নতাকর্মী তুষার দাসের ওই কক্ষে সন্দেহজনক যাতায়াতের চিত্র ধরা পড়ে।

এ ঘটনায় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাকির হোসেন বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় অভিযোগ দেন। পরে তুষার দাসকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার দাস চুরির দায় স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার সদর থানাপাড়া এলাকা থেকে সুবর্ণা হিরা নামের এক নারীর কাছে গচ্ছিত রাখা চুরির দুই লাখ ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ ওই নারীকে আটক করে।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, চুরির ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী তুষার দাসকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিধান মজুমদার অনি/এসআর/এএসএম