মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজি অটোরিকশার চালক হান্নান মিয়ার (৩৫) পরিচয় মিলেছে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। একই ঘটনায় আরও একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মাইক্রোবাস ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা অটোরিকশার চালকসহ চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের দিকে নিয়ে যাওয়া হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তাদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে আছে।
এম ইসলাম/এফএ/জেআইএম