আইন-আদালত

আইডিআরএ চেয়ারম্যান মোশারফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৩৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত জোরদার করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন এবং তার স্ত্রী জান্নাতুল মাওয়ার আয়কর-সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পর এ আদেশ দেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ড. মোশারফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।

তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আসামিদের শুরু থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত জমা দেওয়া আয়কর নথি পর্যালোচনা করা জরুরি বলে আবেদনটিতে উল্লেখ করা হয়। এ জন্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালার আওতায় নথি জব্দের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এসব বিবেচনায় আদালত তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দের নির্দেশ দেন।

এমডিএএ/এসএইচএস