খেলাধুলা

৫২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে কঙ্গো

সুদীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কঙ্গো। আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে বিশ্বকাপের মূলপর্বে উত্তীর্ণ না হতে পারার খরা কাটালো কঙ্গো। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে দেশটি।

মঙ্গলবার মেক্সিকোর গুয়াদালাহারায় ম্যাচের একমাত্র গোলটি অতিরিক্ত সময়ে করেন অ্যাক্সেল তুয়ানজেবে।

ম্যাচের আগে তুয়ানজেবে বিবিসিকে বলেছিলেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। পূর্ব কঙ্গোর সংঘাতপ্রবণ শহর বুনিয়ায় জন্ম নেওয়া এই ডিফেন্ডার এবার কঙ্গোর ফুটবল ইতিহাসে নিজের নাম লিখে রাখলেন।

নির্ধারিত সময়ে কঙ্গোর স্ট্রাইকার সেন্দ্রিক বাকাম্বুর দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তখনই নিশ্চিত হয়ে যায় ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর তখনই তুয়ানজেবের গোলে ৫২ বছর পর বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে কঙ্গো।

অতিরিক্ত সময়ের ১০০তম মিনিটে কর্নার থেকে আসা বল জালে জড়ান তুয়ানজেবে। প্রথমে হ্যান্ডবল হয়েছে কিনা সেটি পরীক্ষা করা হলেও ভিডিও সহকারী রেফারি নিশ্চিত করে, বল তার হাতে লাগেনি।সমতা ফেরাতে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি জামাইকা। ফলে জয় নিশ্চিত করে বিশ্বকাপে জায়গা পায় কঙ্গো।

৪৮ দলের বিশ্বকাপে ‘গ্রুপ কে’-তে খেলবে কঙ্গো। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে পর্তুগালের।এরপর প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান।

আইএন/