খেলাধুলা

বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালকদের যেন পদত্যাগের মিছিল লেগেছে। সবশেষ আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন পরিচালক ইয়াসির ফয়সাল। এ নিয়ে গত অক্টোবরে নির্বাচিত পরিচালনা পর্ষদের তিনজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন ইস্তফা দেন।

ইয়াসির ফয়সাল বিসিবির লজিস্টিকস ও প্রোটোকল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, গত বোর্ড নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক তিনি পরিচালক হিসেবে মনোনীত হয়েছিলেন।

নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে ইয়াসির বলেন, আমি আজ সকালে বোর্ডের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।

বোর্ড থেকে আরও কয়েকজন পরিচালকের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি শুধু আমারটি জমা দিয়েছি। অন্যদের ব্যাপারে আমি অবগত নই।

এর আগে মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন আমজাদ হোসেন। তারও আগে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদিকও ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ড থেকে সরে দাঁড়ান।

পরপর তিনজন প্রভাবশালী পরিচালকের পদত্যাগে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অভ্যন্তরীণ কাঠামো নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এসকেডি/এমএমআর