দেশজুড়ে

সুনামগঞ্জে ১৪৪ ধারা উপেক্ষা করে বাঁধ কাটার অভিযোগ

সুনামগঞ্জে জেলা প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে সদর উপজেলার ডাকুয়ার হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কান্দাগাঁও গ্রামের কাছে এই ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

জানা যায়, ডাকুয়ার হাওরের বাঁধ কাটা নিয়ে মোহনপুর ও গোলেরগাঁও-নোয়াগাঁও এলাকার কৃষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সকালে দুই পক্ষের লোকজনকে নিয়ে জরুরি সভায় বসেছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ। বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করেন ও উত্তেজনা বিরাজ করায় ১৪৪ ধারা জারি করেন। কিন্তু নোয়াগাঁও এলাকার লোকজন জোরপূর্বক বাঁধ কেটে দেন। বাঁধ কাটতে বাধা দেওয়ায় মোহনপুর গ্রামের আলী হোসেন, আফিজ মিয়া, শুকুর আলী, আজিজুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ অন্তত ১০ জন আহত হন।

অভিযোগ উঠেছে- কাঠইর ইউনিয়নের গোলেরগাঁও, নোয়াগাঁও কান্দাগাঁও ও উলুতুলু গ্রামের কয়েক শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে জোর করে ডাকুয়ার হাওরের বাঁধ কেটে দিয়েছে। এতে মোহনপুর এলাকার কৃষকদের বোরো ফসল ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও মোহনপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিন বলেন, তাদের গ্রামের লোকজন হাওরের ফসলরক্ষা বাঁধ কাটতে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা করা হয়েছে। হামলায় ১০ জন আহত হয়েছেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ বলেন, হাওরের বাঁধ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। শুনেছি এক পক্ষ জোর করে বাঁধ কেটে দিয়েছে। বিষয়টি দেখার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে।

লিপসন আহমেদ/এমএন/এমএস