দেশজুড়ে

গণমাধ্যমের স্বাধীনতা আছে, থাকবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে জনসাধারণের মাঝে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা আছে, থাকবে। তবে সকলের কাছে অনুরোধ করবো- যেন কোনোরকম মিথ্যা- বানোয়াট খবর প্রচার না হয়।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনেকসময় একটি মহল সামন্য একটি শব্দের মাধ্যমে মিস ইনফরমেশন প্রচারের সুযোগ খোঁজে। যারা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আছেন- তাদের মধ্যে এরকম বিষয় চোখে পড়েনি। তবে সামাজিক মাধ্যমে অনেকে নানাভাবে এটি চেষ্টা করা হয়। তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে যদি মিস ইনফরমেশন প্রচার করা হয়, এ বিষয়ে আমরা একটু চিন্তা করে দেখতে পারি। এক্ষেত্রে আমরা যদি কোনো সীদ্ধান্তে যাই, তাহলে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেই যাবো।

তিনি বলেন, সারাদেশে বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। সর্বপ্রথম ময়মনসিংহে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। পর্যায়ক্রমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও চারটি বিভাগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

তিনি বলেন, তথ্য কমপ্লেক্সে আধুনিকায়নের জন্য আইটি মেটারিয়ালস ডিজিটাল আর্জাইভসহ অনেক কিছু থাকবে। এতে সাংবাদিকরাও উপকৃত হবে। ময়মনসিংহে তথ্য কমপ্লেক্স নির্মাণের পর কমপ্লেক্সে প্রেস ক্লাবের জন্য একটি ফ্লোর লিজ দেওয়া যায় কি না, সেদিকে খেয়াল রাখবো।

অনুষ্ঠানে তথ্য সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যঅধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

কামরুজ্জামান মিন্টু/এএইচ/এমএস