দেশজুড়ে

ধলেশ্বরীতে হচ্ছে সেতু, কমবে ৩০ কিলোমিটার পথ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বরাইদ ইউনিয়নের ছনকা বাজার হয়ে রাজৈর সড়কের ১৭৫০ মিটার চেইনেজে নির্মিতব্য সেতুটির দৈর্ঘ্য হবে ৩৩৬ দশমিক ৪০ মিটার।

রোববার (৫ এপ্রিল) সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনের আগে এলাকার মানুষের প্রধান দাবি ছিল রাস্তাঘাট ও সেতুর উন্নয়ন, যার বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, সেতুটির নির্মাণ সম্পন্ন হলে প্রায় ৩০ কিলোমিটার পথ কমে যাবে। ফলে যাতায়াত হবে আরও সহজ ও দ্রুত।

সেতুটির নির্মাণকাজ শেষ হলে মানিকগঞ্জের সাটুরিয়া ও দৌলতপুর উপজেলা এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার লাখো মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রমুখ।

মো. সজল আলী/এসআর/জেআইএম