বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে শিক্ষক-কর্মচারীরা আগের মতোই মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদে বোনাস পাবেন।
রোববার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস বা উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়েছে।
বিষয়টি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনকে অবহিত করা হয়েছে জানিয়ে তারা বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষক-কর্মচারীদের বোনাস আপাতত বাড়ানো হচ্ছে না। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী পরবর্তী পদক্ষেপ নেবেন।
জানা যায়, এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ বোনাস পেতেন। ২০২৫ সালে দেশের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের টানা আন্দোলনের মুখে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন এমপিও শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস বাড়িয়ে ৬০ শতাংশ করতে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রস্তাবও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা নাকচ করে দিলো অর্থ মন্ত্রণালয়।
এএএইচ/এসএনআর