এবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘটিত হামলা ও লুটপাটের মামলায় আটক ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার (৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।
পুলিশ সূত্র বলছে, ২০২২ সালের ডিসেম্বর মাসে ঢাকা মহানগরে বিএনপির ঢাকা এক দফা দাবি আদায়ের কর্মসূচি চলাকালে পলটন, মতিঝিল ও রমনা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় আড়াই থেকে ছয়শ নেতাকর্মীকে আটক করা হয়।
এসময় ককটেল হামলা, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিতে বিএনপির কয়েকশ নেতাকর্মী আহত হন। এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া অফিসের বিভিন্ন আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ অর্থ, কম্পিউটার ও মোবাইল ফোন লুট করা হয়, যার আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকা।
আরও পড়ুনডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতারখালেদা জিয়ার চিকিৎসায় বাধা সৃষ্টি করেন সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল
গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে, আফজাল হোসেন নেপথ্যে থেকে বিরোধীপক্ষকে দমন ও সরকারের সহযোগিতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রেখেছেন। পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, তাকে এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।
গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পরিদর্শক তোফাজ্জল ফেসেনের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য হলো হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণ, প্রত্যেক আসামির ভূমিকা নির্ধারণ, ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং অর্থ যোগানদাতা ও হুকুমদাতা শনাক্ত করা।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, আফজাল নাসের গ্রেফতার ও ৫ দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করলে ন্যায়সঙ্গত ও সুষ্ঠু তদন্ত সম্ভব হবে। এই মামলা বর্তমানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের কাছে তদন্তাধীন রয়েছে।
এমডিএএ/বিএ