সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৫ এপ্রিল) দিনগত রাত ১১টা ৩৫মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে সার্ভার রুম ক্ষতিগ্রস্ত হলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানবন্দরের অ্যারাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, দ্বিতীয় তলায় ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে রোববার রাত ১১টা ৩৫মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১২টা ৫ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সোমবার সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে সার্ভার রুমের যন্ত্রপাতিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আহমেদ জামিল/আরএইচ/এএসএম