প্রবাস

মালয়েশিয়ায় শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ব্যবস্থাপনা সমন্বয়ে বৈঠক

মালয়েশিয়ায় শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে ‘মেস্যুয়ারাত জাওয়াতানকুয়াসা কেরজা ক্লাস্টার কেসেলামাতান পেংগুরুসান পেলারিয়ান দান পেমোহন সুয়াকা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিয়ন বিন ইসমাইল। এতে দেশের শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ব্যবস্থাপনা সংক্রান্ত নীতি ও কার্যক্রম আরও সুশৃঙ্খল করার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

এই বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন, যেন পারস্পরিক সমন্বয় জোরদার করা যায় এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।

এছাড়া, ১ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া ‘ডকুমেন পেন্ডাফতারান পেলারিয়ান (ডিপিপি)’ কর্মসূচিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়, যা শরণার্থীদের তথ্য ব্যবস্থাপনাকে আরও সিস্টেমেটিক ও সমন্বিত করতে সহায়তা করবে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের বিষয়টি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিয়ন্ত্রিতভাবে পরিচালনার লক্ষ্যে তারা সুশাসন ও প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের জন্য একটি কার্যকর ও উপকারী ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।

এএমএ/এমএস