খেলাধুলা

রিয়াল-বায়ার্ন মহারণ আজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হচ্ছে একে-অপরের।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এই দুই দলই সবচেয়ে বেশি একে-অপরের মুখোমুখি হয়েছে। আজ রাতের ম্যাচটি তাদের ২৯তম সাক্ষাৎ। ইতিহাসে প্রতিবারই এই লড়াই বাড়তি উত্তেজনা তৈরি করেছে, এবারও তার ব্যতিক্রম নয়।

সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ চারটি দুই লেগের নকআউট লড়াইয়ে তারা বায়ার্নকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচের একটিতেও হারেনি রিয়াল বায়ার্নের বিপক্ষে। ৯ ম্যাচে ৭ জয় ও দুটি ২ ড্র স্প্যানিশ জায়ান্টদের।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্নের বিপক্ষে আগের তিনটি লড়াইয়েই জয় পাওয়ায় এই মুহূর্তে আত্মবিশ্বাসের চূঁড়ায় অবস্থান করছে রিয়াল। কোয়ার্টার ওঠার আগে দাপুটে জয় পেয়েছে ক্লাবটি ম্যানচেস্টার সিটির বিপক্ষেও।

অন্যদিকে, চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে বায়ার্নও। ১০ ম্যাচের ৯টিতে জিতে তাদের আত্মবিশ্বাসও এখন অনেক। প্রতিপক্ষের জালে এখন পর্যন্ত ৩২ গোল করেছে তারা। যেখানে শুধু পিএসজিই (দুই ম্যাচ বেশি খেলে) বেশি গোল করেছে। শেষ ষোলোতে আটালান্টার বিপক্ষে দুই লেগেই ১০ গোল করে তাদের আক্রমণভাগের শক্তি দেখিয়েছে দলটি।

চ্যাম্পিয়ন্স লিগ যুগে দুই দলের মোট ৪৬টি কোয়ার্টার ফাইনাল উপস্থিতি প্রমাণ করে, বড় মঞ্চে তারা কতটা অভিজ্ঞ। তবে সেমিফাইনালে উঠবে কেবল একটি দলই। স্পেনের রাজধানীতে প্রথম লেগে কে এগিয়ে যাবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

আইএন