মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে যুক্তরাষ্ট্রের পূর্ণ বিজয় হিসেবে বর্ণনা করেছেন।
সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, এটি পূর্ণ বিজয়। ১০০ শতাংশ। এ বিষয়ে কোনো প্রশ্নই নেই।
দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরপরই তিনি এই মন্তব্য করেন।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সব সামরিক ইউনিটকে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
এই নির্দেশনা দেওয়া হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর। জানা গেছে, দুই পক্ষই একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে হামলা বন্ধ করতে হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় হামলা বা সংঘর্ষ চলতে দেখা যাচ্ছে।
সূত্র: এএফপি
এমএসএম