আন্তর্জাতিক

ট্রাম্পের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন নেতানিয়াহু, তবে...

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, যুদ্ধবিরতিতে ‘লেবানন অন্তর্ভুক্ত’ হবে না। খবর আল জাজিরার।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় যুদ্ধবিরতি নিয়ে একটি বিবৃতিও জারি করেছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুসারে, বিবৃতিতে বলা হয়েছে যে, ইসরায়েল দুই সপ্তাহের জন্য ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করার প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে – এই শর্তে যে, ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এই অঞ্চলের দেশগুলোর ওপর তেহরান সব ধরনের হামলা বন্ধ করবে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইরান যেন ‌‘আর কোনো পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি সৃষ্টি না করে তা নিশ্চিত করার মার্কিন প্রচেষ্টাকে ইসরায়েল সমর্থন করে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে যে, আসন্ন আলোচনায় তারা এই লক্ষ্যগুলো অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য।

টিটিএন