প্রবাস

মালদ্বীপে দালালের প্রতারণায় নিঃস্ব হয়ে প্রবাসী বাংলাদেশির আর্তনাদ

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে প্রায় ৭ লাখ টাকা খরচ করে মালদ্বীপে আসেন এক বাংলাদেশি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস-মাত্র ১৯ দিনের মাথায় না খেয়ে, কাজ না পেয়ে বাধ্য হয়ে দেশে ফিরে যেতে হয়েছে তাকে।

জানা গেছে, দালাল চক্রের প্রলোভনে পড়ে মালদ্বীপে আসেন ওই প্রবাসী। তাকে ভালো চাকরি ও উচ্চ বেতনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এসে পান সম্পূর্ণ ভিন্ন চিত্র। নির্ধারিত কোনো কাজ বা থাকার ব্যবস্থা না থাকায় মানবেতর জীবনযাপন করতে হয় তাকে।

ভুক্তভোগী প্রবাসী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি কোন মুখে বাড়ি ফিরবো? ৭ লাখ টাকা কীভাবে শোধ করবো?’

তার এই আর্তনাদ শুধু একজনের নয়—মালদ্বীপে অবস্থানরত বহু বাংলাদেশিরই একই চিত্র বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, একটি অসাধু দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে, যার ফলে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছেন প্রবাসীরা।

এ বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, মালদ্বীপে এমন প্রতারণার ঘটনা নতুন নয়। প্রতারণার শিকার হয়ে অনেকেই কাজ না পেয়ে, এমনকি খাবারের অভাবে মানবেতর জীবন কাটাতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগী প্রবাসীসহ সংশ্লিষ্টরা বাংলাদেশ হাই কমিশনের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত তদন্ত করে দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তা করা হোক।

প্রবাসীদের মতে, যথাযথ নজরদারি ও কার্যকর উদ্যোগ নিলে এ ধরনের প্রতারণা অনেকাংশে কমানো সম্ভব।

এমআরএম