রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসা থেকে গ্রেফতার ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। ফয়সাল করিমই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যা মামলার প্রধান আসামি।
মামলাটির শুনানি শেষে রোববার (৫ এপ্রিল) ঢাকার একটি আদালত রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটি আগামীকালের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) আদালতের কজলিস্ট থেকে এ তথ্য জানা যায়।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালায় র্যাব-২। এ সময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার ফয়সাল করিম মাসুদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। অভিযানের সময় জব্দ করা অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এ ঘটনায় দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯/১৯(এ) ধারায় আদাবর থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আগামীকাল এ মামলার রায় ঘোষণা করা হবে।
এমডিএএ/এমএএইচ/